আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সম্পর্কে অবহিত করতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পত্র দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।
রোববার দুপুর ৩টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিজ নিজ কার্যালয়ে গিয়ে এ পত্র দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি স্বাক্ষরিত পত্রটি হস্তান্তর করা হয়।
পত্রে বলা হয়, ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওপর দিয়ে চট্টগ্রামের দিকে যাবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। এ সময় সর্বস্তরের জনগণ লংমার্চকে অভিনন্দন জানাবে বলেও জানানো হয়।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পত্র প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মো. আরশাদ আলী ঢালী, খিদির আব্দুস সালাম, আহসান উল্লাহ মন্ডল, মাওলানা এ কে এম ইউসুফ, এইচ এম বায়েজিদ, ডা. ইব্রাহীম দেওয়ান, মোহাম্মদ মজিবুর রহমান, সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, জামায়াত নেতা মহসিন মুন্সী, আবু তাহের প্রমুখ।