স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার কারণেই শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক হামলার শিকার হয়েছেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, উপজেলা বা জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরিবেশ ও চিকিৎসার ব্যবস্থা না থাকায় যেই অব্যবস্থপনা চলছে এই অব্যবস্থাপনায় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে এবং অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি, পরিবেশ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র যদি স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারে তবে একজন চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা কোনভাবেই দিতে পারবেন না। যেমনটি ঘটেছে শরীয়তপুর সদর হাসপাতালে।

রবিবার রাতে আমীরে জামায়াতের পক্ষে তিনি, শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ঐ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে দেশের সকল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি ঢামেকে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শয্যা পাশে গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন। তিনি ডা. নাসির ইসলামকে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এমজি ফারুক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মারুফ শাহরিয়ার, ন্যাশনাল ডক্টরস ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস.এম আহসান উল্ল্যাহ, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভূঁইয়া, লালবাগ দক্ষিণ থানা আমীর মোস্তাফিজুর রহমান সহ দলীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ।