সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এর প্রতিবাদ ও সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নেই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, না হলে আমি স্বৈরতন্ত্র।’

হামিদুর রহমান আযাদ জানান, ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রস্তাবক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল-আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন।

অলি আহমদকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ জয়ী হতেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য গণতান্ত্রিক পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সচিবালয়ের মতো নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে প্রশ্ন তুলে তিনি এর ব্যাখ্যা দাবি করেন।