রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধানমন্ডি-৩২ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকা থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি জিসানুল হক বলেন, ‘তাঁরা মিছিল করতে এসেছিলেন। জুমার নামাজ শেষে একত্র হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের আটক করা হয়েছে।’
ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আটকের বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। আজ তাঁদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।