আজ (২১ মে) দৈনিক কালবেলায় ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন , দৈনিক কালবেলায় ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত। কারণ যে ব্যক্তিকে নিয়ে সংবাদ সাজানো হয়েছে, তার সঙ্গে জামায়াতের বর্তমান কোনো সম্পর্ক নেই। তবুও তাকে সামনে এনে কালবেলার এমন সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে সংবাদের ভেতরে উপস্থাপিত বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা উত্থাপিত হয়নি। কিন্তু তারপরও শিরোনামটি করা হয়েছে জামায়াতে ইসলামীকে ঘায়েল করা ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য।

প্রকৃতপক্ষে, উক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী বা নেতা ছিলেন না। তিনি বর্তমানে জামায়াত আমীরের উপদেষ্টাও নন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু তার অতীত ও বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা ছিল না বা এখনো নেই। প্রতিবেদনেও এর কোনো উল্লেখ নেই।

তা সত্ত্বেও ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনাম করা জামায়াতের প্রতি কোনো কোনো মহলের বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশ নিঃসন্দেহে নিন্দনীয় ও সাংবাদিকতার নীতি বিরোধী।

এডভোকেট জুবায়ের বলেন, আমীরে জামায়াতের বর্তমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এমপি। ভবিষ্যতে সতর্কতার সঙ্গে সঠিক তথ্যসম্বলিত খবর প্রকাশ নিশ্চিত করা এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী ও দলের চরিত্র হননের উদ্দেশ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে কালবেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।