সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে কতিপয় শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত একজন আলোচককে ঘিরে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

খবরে দাবী করা হয় 'শিবির সমর্থিত হল সংসদ নেতা'র আহ্বানে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অথচ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং উক্ত অনুষ্ঠানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ন্যুনতম সম্পর্ক নাই।

ছাত্রশিবিরের কার্যক্রমের ফলে সৃষ্ট জনপ্রিয়তার কারণে হল সংসদের বিভিন্ন পদে ছাত্রশিবিরের কর্মীদের আধিক্য থাকলেও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণকারী অনেকেই হল সংসদে জয়লাভ করেছেন। এমন দৃষ্টান্ত থাকা সত্ত্বেও কারও ব্যক্তিগত উদ্যোগকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা এবং এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর একটি অংশের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোনো আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণের প্রয়োজন মনে না করা সাংবাদিকতার নীতি ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর উদ্যোগে পরিচালিত অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে ছাত্রশিবিরকে বিশেষ ফ্রেমিংয়ে জড়ানোর উদ্দেশ্যে পরিচালিত এমন মিথ্যাচার, বানোয়াট তথ্য পরিবেশন ও ফরমায়েশী সাংবাদিকতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আমরা সকল সংবাদমাধ্যমকে তথ্যভিত্তিক প্রমাণের অনুপস্থিতিতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে এই মনগড়া সংবাদের অবলুপ্তি ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি।