নিয়মিত বৃষ্টিতে পানি জমে থাকা শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেজা আউটফিল্ডে আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারদের ক্যাম্প।

বিসিবির আয়োজনে এই ক্যাম্প চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বগুড়ার ৩জন যুব নারী ক্রিকেটার ক্যাম্পে অংশ নিচ্ছে। তারা হলো- শ্রাবনী, মেঘলা এবং অপর্ণা।

বিসিবি সূত্রে জানাগেছে, ২০ আগষ্ট বৃহস্পতিবার যুব নারী ক্রিকেট দলের সদস্যরা বগুড়ায় এসে হোটেল মমইনে উঠবেন। পরদিন থেকেই তারা নেমে পড়বেন অনুশীলনে। মাঝখানে ২৪ আগষ্ট বিরতি দিয়ে পরদিন আবারও অনুশীলন করবেন।

২৬ আগষ্ট প্রথম অনুশীলন ম্যাচে মুখোমুখী হবেন যুব নারীরা। একদিন বিরতি দিয়ে ২৮ আগষ্ট আবারও অনুশীলন শুরু করবেন। ৩০ আগষ্ট হবে দ্বিতীয় অনুশীলন ম্যাচ। একদিন বিরতির পর আবারও অনুশীলন শেষে ৩ সেপ্টেম্বর ৩য় অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতি শেষে মাত্র একদিনের শেষ অনুশীলন হবে ৫ সেপ্টেম্বর।

৬ সেপ্টেম্বর ক্যাম্পের সব শেষ অনুশীলন ম্যাচে অংশ গ্রহন করবেন যুব নারীরা।

অনুশীলন ম্যাচ আয়োজন করা হলেও দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পাবেন না বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে। তবে, সাংবাদিকরা খেলা উপভোগ করতে পারবেন।

এদিকে, যুব নারী ক্রিকেটারদের ক্যাম্প আয়োজন করা হলেও বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ডে জমে থাকায় অনুশীলন ম্যাচ আয়োজন এখনো অনিশ্চিত।

এই মুহুর্তে স্টেডিয়ামের আউটফিল্ড পুরোপুরি খেলার অনুপযুক্ত অবস্থায় রয়েছে। নতুন করে বৃষ্টি না হলেও আপাতত: এই মাঠে খেলা অসম্ভব বলেই মনে করছেন গ্রাউন্ডসম্যানরা। ফলে যুব নারী ক্রিকেটারদের অনুশীলনে ইনডোরই একমাত্র ভরসা।