শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মাধ্যমে ঢাকা নগরী রক্তাক্ত ও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার বিকেলে রাজধানী ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন বলেন, বিচারহীনতার সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবেই দেশে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সমাজ, রাষ্ট্র ও পারিবারিক জীবনে নেমে এসেছে নানাবিধ অস্থিরতা। একই সাথে বেড়েছে গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এমতাবস্থায় দেশ ও জাতি এক গভীর শঙ্কটে নিমজ্জিত হয়েছে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য ন্যায়-ইনসাফ ও তাক্বওয়াভিত্তিক সমাজ গঠনের কোন বিকল্প নেই। তিনি সে স্বপ্নে সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম উদ্দিন সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, দেশে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অপসংস্কৃতি ছড়িয়ে দেয়া হয়। কিন্তু চরিত্র গঠনে তেমন উদ্যোগ দেখা যায় না। ঢাকা মসজিদের শহর ও চারশো বছরের ঐতিহ্যবাহী নগরী হলেও বর্তমানে ঢাকা অপরাধীদের আস্তানায় পরিণত হচ্ছে। অপসংস্কৃতি ও অপরাধ বন্ধে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের জন্য হজ্জ পালনের সুযোগসহ মোট ৩০ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, হুফফজুল কুরআন বাংলাদেশের চেয়ারম্যান শাইখ হাফেজ আব্দুল হক, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া, খালিদ সাইফুল্লাহ বখসি, এএসএম কামাল উদ্দিন ও মাওলানা মাওলানা এমদাদুল্লাহ প্রমূখ।