১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি নৃশংসভাবে হত্যা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা (এম পি)।

বুধবার (২০ মে) জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, একটি শিশু যে ছিল পরিবারের স্বপ্ন, সমাজের ভবিষ্যত-তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ধরণের ঘটনা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।

বিবৃতিতে তিনি বলেন , দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত নয়দিনে পাঁচ শিশু হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে চারজনই ধর্ষনের শিকার। ধর্ষণ ও হত্যার মত জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার,নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ হতে দোষীদের বিচার দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে করা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং সারাদেশে নারী ও শিশু নিরাপত্তা জোরদার করার দাবি জানান।