পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নিজের দল ও দেশবাসীর পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।

বাংলাদেশ দল দুই ম্যাচের এই সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক বিজয় লাভ করেছে।ডা. শফিকুর রহমান তার বার্তায় জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন মিরপুরের পর সিলেটেও আমাদের ক্রিকেট দল দুর্ভেদ্য নৈপুণ্য দেখিয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে ৭৮ রানের বড় ব্যবধানে পাওয়া এই জয় দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের এই রেকর্ড টাইগারদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যের সুস্পষ্ট প্রমাণ।

পঞ্চম দিনের রুদ্ধশ্বাস এই ম্যাচে সাহসী ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও দলগত ঐক্য ছিল সত্যিই এক উজ্জ্বল দৃষ্টান্ত।প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে লড়াই করার এই লড়াকু মানসিকতা সমগ্র জাতিকে আনন্দিত ও অনন্য গর্বিত করেছে। খেলাধুলায় এ ধরনের অসামান্য সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে।

ভবিষ্যতেও জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনবে এবং বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।বার্তার শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তাদের দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য প্রার্থনা করেছেন তিনি।