দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ নিজ জেলা দিনাজপুরে পৌঁছানোর খরচ বহন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক হাসানপুর তাসফিন পাম্পের বিপরীত পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং আরও ৬ জন আহত হন।এ ঘটনায় বুধবার (১৪ এপ্রিল) নিহতদের লাশ দিনাজপুরে পাঠানোর সকল ব্যয়ভার বহন করে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী । এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌর জামায়াতের আমির আবুল কাশেম প্রধানিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দাউদকান্দি পৌরসভার সভাপতি মোঃ ফজলে রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় নেতারা।

নবাবগঞ্জ থেকে সংবাদদাতা জানান, নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার উওর খালিপপুর গ্রামে ।

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।

নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান- ১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩জন নিহত হয়েছেন এবং ৬জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খালিপপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫),মাহবুব আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত কৃষি শ্রমিক পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম। পরিবারের ভরন পোষনের যোগানদাতাদের হঠাৎ মৃত্যুতে, তারা দেখছে অনিশ্চিত ভবিষৎ।