জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠক ও ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম। গত রোববার দুপুর আড়াইটায় শাহবাগ জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মুন্সি কবি বুরহান মাহমুদ। তিনি বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। যারা জীবন বাজি রেখে কারফিউ ভেঙে রাজপথে নেমেছিল, আজ তাদের ওপরই পরিকল্পিত হামলা চালানো হচ্ছে।
বক্তব্যে বুরহান আরও বলেন, যাদের ত্যাগের কারণে আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে রাজনীতি করতে পারছে, সেই মুসাদ্দেক-জুবায়েরদের ওপর ছাত্রদলের মব করা নজিরবিহীন। এটি প্রমাণ করে ছাত্রদল একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ১৬ বছরে ছাত্রলীগ যা করেনি, ছাত্রদল ক্ষমতায় যাওয়ার মাত্র ৩ মাসের মাথায় থানার ভেতরে প্রবেশ করে সেই জঘন্য কাজ করেছে।
জুলাই ঐক্যের এ সংগঠক বলেন, শাহবাগ থানায় অভিযোগ করতে গিয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। পুলিশ অভিযোগ না নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীদের ডেকে এনে মব তৈরি করেছে।
আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিচ্ছি—দলীয় পাহারাদার হওয়া বন্ধ করে নিজেদের দায়িত্বের প্রতি যতœবান হোন।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের নেতারা।