যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বাজার তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা প্রায় ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সসাস ইন্টারমিডিয়েট। West Texas Intermediate (WTI) তেলের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।