আন্তর্জাতিক বাজারে শুক্রবার ১ শতাংশের বেশি বেড়েছে স্বর্ণের দাম। এর ফলে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটি জানুয়ারির পর সর্বোচ্চ সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জিএমটি সময় সকাল ৬টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। সপ্তাহজুড়ে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলক দুর্বল থাকায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল প্রত্যাশিত নন-ফার্ম পেরোল (কর্মসংস্থান) প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে বাজার। এই প্রতিবেদন থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নীতির সম্ভাব্য দিকনির্দেশনা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।