পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে কুরবানির পশুর হাটগুলোতে পশুর স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাটহাজারীর উদ্যোগে উপজেলার প্রায় ১০টি পশুর হাটে এই মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।
যেসব হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে সেগুলো হলো— হাটহাজারী বাজার, চৌধুরী হাট বাজার, ইছাপুর বাজার, মিরেরহাট, সরকারহাট, চারিয়া বাজার, কাঠিরহাট, নুর আলী মিয়ার হাট, কুয়াইশ রাস্তার মাথা বাজার ও মদুনাঘাট বাজার।
মেডিকেল টিম হাটে আসা গরু, ছাগলসহ বিভিন্ন পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে এবং অসুস্থ পশু শনাক্তে কাজ করছে। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), ক্ষুরা রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের লক্ষণ রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পশু অসুস্থ বা দুর্বল মনে হলে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রাথমিক সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়াও খামারি ও ক্রেতাদের সুস্থ ও নিরাপদ পশু নির্বাচন বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যান্টিবায়োটিক, হরমোন ও ক্ষতিকর ওষুধের অপব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি পশুর পরিবহন, রাখা ও বিশুদ্ধ পানির ব্যবস্থাপনায় প্রাণিকল্যাণ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খামারি রফিকুল ইসলাম বলেন, “হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকায় আমরা অনেক উপকৃত হচ্ছি। অসুস্থ পশু দ্রুত শনাক্ত হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে।”
ক্রেতা রমিজ উদ্দীন বলেন, “মেডিকেল টিম থাকায় সুস্থ পশু কেনার বিষয়ে আমাদের আস্থা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা নিরাপদে পশু কিনতে পারছেন।”
জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় রেফারাল সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত কুরবানি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডা. প্রবীর দেব বলেন, “মূলত ভেটেরিনারি মেডিকেল টিম পশুর স্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ কুরবানি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।