চলতি মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শক্তি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
গতকাল বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে, গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।