মোংলা সংবাদদাতা
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহী এমভি জিআর ইস্তাম্বুল নামের একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
গত শুক্রবার দুপুরের দিকে জাহাজটি বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। একই দিন বিকেল থেকেই জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খালাস করা কয়লাগুলো পরবর্তীতে লাইটারেজ জাহাজের মাধ্যমে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর আওতাধীন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে। এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। অপরদিকে, দুটি ইউনিট থেকে দৈনিক ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার হয়।
এ বিষয়ে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে তাদের কয়লার কোনো ঘাটতি নেই।