ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার/ইন্টারসিটি ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে স্টেশনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাসারাম জংশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পাশের আরেকটি বগিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। মুহূর্তেই প্ল্যাটফর্মজুড়ে চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খলা তৈরি হয়।

খবর পেয়ে রেলকর্মী ও রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন লাগা বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের ধারণা, দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।