হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বট্রেশন বা স্থায়ী সালিশ আদালত রায় দিয়েছে যে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত বা বাতিল করতে পারে না। এর আওতায় ভারতকে নিজ দায়িত্ব পালন করতে হবে।ভারতের একতরফাভাবে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের চোখে বৈধ নয় এবং এর কোনো আইনি ভিত্তি নেই বলে সর্বসম্মত রায়ে জানিয়েছেন পাঁচ সদস্যের আদালত।
সোমবার দেওয়া রায়ে আদালত ভারতের পক্ষ থেকে চুক্তি স্থগিত রাখার পক্ষে দেওয়া সব যুক্তিই নাকচ করেছেন। এর মধ্যে ভারতের সার্বভৌমত্ব, পাকিস্তানের সঙ্গে নতুন করে আলোচনা না করার অভিযোগ, সীমান্তপারের সন্ত্রাসবাদ, জনসংখ্যা বৃদ্ধি, পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ও ছিল।
পাকিস্তান ২০২৬ সালের মার্চে হেগের স্থায়ী সালিশি আদালতে (পিসিএ) বিষয়টি তোলে।
তবে ভারত এই সালিশ আদালতকে "অবৈধভাবে গঠিত" অভিহিত করে এর এখতিয়ার ও রায় সরাসরি প্রত্যাখ্যান করেছে। নতুন দিল্লি জানিয়েছে, সার্বভৌম সিদ্ধান্ত ও জাতীয় নিরাপত্তার খাতিরে নেওয়া পদক্ষেপের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই।