মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক সংঘাতের বিস্তার, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং ইরানের বিভিন্ন নীতির বিষয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সহিংসতায় উসকানি ও মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র করার কর্মকাণ্ডের নিন্দা জানায়। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ কঠোর বিধিনিষেধ এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে দেশটি।

পেরুর সরকার আরও বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরিদর্শনের ক্ষেত্রে বাধা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাজ ব্যাহত করার বিষয়টিও তাদের সিদ্ধান্তের অন্যতম কারণ।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে কূটনৈতিক নোটের মাধ্যমে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত জানানো হয়েছে। ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে ওই বার্তা পাঠানো হয়, কারণ সেটিই পেরুর জন্য ইরানের সমবর্তী কূটনৈতিক মিশন হিসেবে কাজ করছে।

তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও দুই দেশের কনস্যুলার সম্পর্ক পুরোপুরি বন্ধ হচ্ছে না। পেরুর নাগরিকদের সুরক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করতে এই সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

পেরু ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৩ সালে দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। পাঁচ দশকের বেশি সময় পর মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সেই সম্পর্কে ইতি টানল লিমা।

সূত্র: আল জাজিররা