ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষের খুবই কাছাকাছি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। এদিকে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসনুদ পেজেশকিয়ান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানে ার চেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্কে চারদিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সরকারি সফর গতকাল বুধবার শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, আলোচনার ধারাবাহিকতায় গতকাল বুধবার পাকিস্তানের একটি প্রতিনিধি দলতেহরানের উদ্দেশ্যে রওনা দেয়। বিবিসি, টাইমস অব ইসরাইল, এএফপি, আল-জাজিরা, আনাদুলো, এপি।

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন বাহিনী ইরানে এখনও তার কাজ ‘শেষ করেনি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।”

‘আমি আরও বলব, যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নি’Ñ তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবেৃএবং আমরা এখনও (অভিজান) শেষ করিনি। আমরা দেখব কী হয়। আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তিতে আসতে চাইছে।’

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্টপ বলেছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফাবৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বর্তমান পরিস্থিতির সমাধানে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপের দিকেই বেশি মনোযোগী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জনাথন কার্ল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন না যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন আছে। সামনের দিনগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী দুই দিন বিশ্ব এক অভাবনীয় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, এই সংঘাতের অবসান খুব শীঘ্রই হতে চলেছে।

ট্রাম্পের মতে, এই সংকটের সমাধান কেবল দুটি পথেই সম্ভব—হয় একটি টেকসই আলোচনার মাধ্যমে সমঝোতা, অথবা সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া।

তবে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোকেই অগ্রাধিকার দিচ্ছেন।

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, তিনি দ্বিতীয় দফায় সংলাপে বসার দিকে ইঙ্গিত করেছেন। তবে ইসলামাবাদে পরবর্তী দুইদিনের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা খুব কম।

এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরবর্তী বৈঠক সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।

গতকাল বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাসুদ পেজেশকিয়ান এই কথা বলেন।

তিনি আরও বলেছেন, তেহরান ‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’, বরং সব সময়ই গঠনমূলক আলোচনার পক্ষে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ

যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত শাহবাজের এ সরকারি সফর চলবে। সৌদি আরব ও কাতারে দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা হবে। আর তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানসহ অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করবেন শাহবাজ।

গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, শাহবাজ শরিফ আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা জোরদার করে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে চান বলে প্রেসিডেন্টকে জানিয়েছেন।

এ উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলছে। ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র, ইরান ও অন্যান্য শক্তিধর পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখে শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখার জন্য শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন জারদারি।

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন। তাঁর এই সফরের বিষয়টি আল-জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।

পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের উদ্দেশ্য।

একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ এবং যুদ্ধবিরতি–সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে এই কঠোর হুমকি দেয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।

আলী আবদুল্লাহি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনও ধরনের আমদানি বা রফতানি কার্যক্রম চলতে দেবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, গত রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় ‘অব্যাহত’ রয়েছে।

ইসমাইল বাঘেই বলেন, ইরানের অবস্থান ‘সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী যোগাযোগগুলোতেও তা পুনর্ব্যক্ত করা হয়েছে’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় গতকাল বুধবার পাকিস্তানের একটি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশ্যে রওনা দেয়। এই সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের ‘অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা’ অন্তর্ভুক্ত থাকবে।

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করে ইসমাইল বাঘেই জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানকে তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সুযোগ দিতে হবে। তবে সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।