মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন সামরিক পরিবহন বিমানের আনাগোনা শুরু হয়েছে। খবর জিও নিউজ।

রোববার (১৯ এপ্রিল) ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তিনটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে। সাধারণত এ ধরনের বিমান উচ্চপর্যায়ের সফরের আগে নিরাপত্তা সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিয়ে আসে।

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের পূর্বপ্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রেড জোন এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।

এ বৈঠককে কেন্দ্র করে রাওয়ালপিন্ডিতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং শত শত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বিশেষায়িত বাহিনীও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারিতে রয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যদিও তা স্থায়ী সমাধানে রূপ নেয়নি।

সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে বলে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও আলোচনায় আগ্রহ দেখালেও নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে।