ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’। খবর আল-জাজিরা’র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এমন অনেক কিছুতেই ইরান এখন রাজি, যেগুলোতে তারা এতদিন রাজি ছিল না।

যদি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয় এবং ইসলামাবাদে তা স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তানে যেতে পারেন বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এর মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে; কারণ ওই তারিখের আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি এ সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে পারে। যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তবে যুদ্ধ আবারও শুরু হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।