যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও ধারাবাহিক হামলার অভিযোগ এনে তাদের সাথে সম্পাদিত 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' (MoU) চুক্তির শর্ত ও নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার (১৮ জুলাই) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ ঘোষণা দেন। এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তেহরান আর জুন মাসে স্বাক্ষরিত পাকিস্তান-উদ্যোগে হওয়া এই সমঝোতা স্মারককে কার্যকর বলে মনে করছে না।

১৪ দফার ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং কয়েক সপ্তাহের সংঘাতের পর ধাপে ধাপে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মতি হয়েছিল।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। আমরাও একইভাবে আমাদের সব প্রতিশ্রুতি ও চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছি। বর্তমানে আমাদের প্রধান কাজ দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।

গারিবাবাদি ইরানের কারিগরি আলোচক দলের প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে আমরা আর এই চুক্তির অধীন কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি না।

এর আগে ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে এই সমঝোতা টিকিয়ে রাখা সম্ভব হবে না।

এদিকে দুই দেশের সংঘাত আরও তীব্র হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ৬ জুলাই থেকে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যেসব দেশ তাদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে অবস্থানের অনুমতি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও সমপর্যায়ের জবাব দেওয়া হবে।