১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অভিবাদন ও পথসভাগুলোতে ব্যাপক জনসমাগমকে জনগণের প্রাণের দাবির প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানিয়েছেন। পথসভাগুলোতেও হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত দাবিগুলো কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়; এগুলো জনগণের প্রাণের দাবি। জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতেও দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, লংমার্চের রুটের যাত্রী ও পথচারী, সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সড়ক বিভাগের সংশ্লিষ্ট সবাই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, লংমার্চ কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচির কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের ধারাবাহিকতায় ওই কর্মসূচিও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ লংমার্চ সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।