যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে দোহায় যান।

তেহরানের প্রধান আলোচক হিসেবে গালিবাফ এই সফরে নেতৃত্ব দিচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসানেই এই কূটনৈতিক তৎপরতা।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স জানিয়েছে, প্রতিনিধিদলে আরো রয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতি।

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই সম্ভাব্য চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা স্বাক্ষরিত হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হেম্মাতির সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টি নিয়েও আলোচনা হবে।

সম্প্রতি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এই আলোচনা চালিয়ে যাচ্ছে। শান্তি আলোচনায় অগ্রগতির ওপরই নির্ভর করছে চলমান সংঘাতের ভবিষ্যৎ। বৈঠকের ফলাফল আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে।

যদিও এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি, তবুও ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।

সুত্র: আলজাজিরা