দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী, সামরিক যান ও ঘাঁটির ওপর গত ২৪ ঘণ্টায় ২৪টি সামরিক অভিযান চালিয়েছে দেশটির প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিক ও শহরগুলোতে ইসরায়েলি হামলার জবাবে ড্রোন ও রকেট দিয়ে এসব প্রতিরোধ হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সাম্প্রতিক দিনগুলোর সবচেয়ে তীব্র লড়াইয়ের একটি হয়েছে হাদ্দাতা শহরে। সেখানে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনী ও সাঁজোয়া ইউনিটগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালানো হয়।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক অবস্থানগুলোতে বারবার ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া আলাদা অভিযানে অন্তত চারটি মার্কাভা ট্যাংক ও দুটি ডি৯ বুলডোজারে আঘাত হানা হয়।
তারা আরও জানায়, হাদ্দাতার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর গতিরোধ করার পাশাপাশি প্রায় ৩০ মিনিট ধরে তাদের সহায়তাকারী ইউনিটগুলোর ওপর কামান ও রকেট হামলা চালানো হয়। তাছাড়া লেবাননের মধ্যাঞ্চলে একটি ইসরায়েলি হার্মিস ৪৫০ ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, দক্ষিণ লেবাননে বিস্ফোরকবাহী একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুই কর্মকর্তাসহ সাত সেনা আহত হয়েছেন। সেনাবাহিনীর তথ্যমতে, গুরুতর আহত হয়েছেন এক নারী সেনা। এছাড়া দুই কর্মকর্তা ও দুই সেনা মাঝারি এবং আরও দুই সেনা সামান্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে তা জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়ানো হয়। তা সত্ত্বেও লেবাননজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে বড় পরিসরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩ হাজার ৭৩ জন নিহত এবং ৯ হাজার ৩৬২ জন আহত হয়েছেন। এছাড়া দেশের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বা ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।