গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটি প্রো-ইরান গ্রুপের চ্যানেল সরিয়ে দিয়েছে, যারা লেগো-স্টাইল অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করত।
ইউটিউবের এক কর্মকর্তা জানান, প্ল্যাটফর্মের স্প্যাম, প্রতারণামূলক কার্যক্রম ও বিভ্রান্তিকর কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে চ্যানেলটি বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, ইউটিউব এমন কোনো কনটেন্ট অনুমোদন করে না, যা স্প্যাম, প্রতারণা বা বিভ্রান্তির মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতি করে।
‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে পরিচিত ওই চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টাকে বিদ্রূপ করা হতো এবং মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হতো। তবে ঠিক কী কারণে নীতিমালা লঙ্ঘন হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ইউটিউব। এর আগে প্রতিষ্ঠানটিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছিল।
চ্যানেলের এক ভিডিওতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের দিকে চেয়ার ছুঁড়ে মারছেন, আর ইরানি জেনারেলরা ‘স্টোন এজে ফিরিয়ে দাও’ লেখা একটি লাল বোতাম চাপছেন—যা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার এক হুমকির ইঙ্গিত বহন করে। অন্য একটি ভিডিওতে ট্রাম্পকে আগুন জ্বলতে থাকা অবস্থায় একটি সাইনবোর্ড হাতে দেখানো হয়, যেখানে লেখা—“বিজয়! আমি একজন পরাজিত।”
এছাড়া, বেশ কিছু ভিডিওতে শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীক ও ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলীর চিত্রায়ণ রয়েছে, যিনি শিয়া মুসলিমদের কাছে প্রতিরোধ ও আধ্যাত্মিক নেতৃত্বের প্রতীক।
চ্যানেলটি বন্ধ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানায় এক্সপ্লোসিভ মিডিয়া। তারা দাবি করে, তাদের কনটেন্ট ‘সহিংস’ উল্লেখ করে চ্যানেলটি স্থগিত করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে তারা লিখেছে, “আমাদের লেগো-স্টাইল অ্যানিমেশন কি সত্যিই সহিংস?”
ফারসি ভাষায় ‘আখবার এনফেজারি’ নামে পরিচিত এই গ্রুপটি দাবি করেছে, তারা ইরান সরকারের সমর্থিত নয়। তবে তাদের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে মিলিয়ন দর্শকের কাছে পৌঁছেছে।
সূত্র: মিডল ইস্ট আই