ইরানের বিরুদ্ধে বিমান ও নৌ-শক্তি প্রত্যাশিত ফল না দিলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান শুরু করবেন—এমনটি নিশ্চিত নয়। তবে বিমান ও নৌ শক্তির কার্যকারিতার সীমাবদ্ধতা সামনে আসায় স্থলবাহিনী মোতায়েনই তার জন্য সম্ভাব্য পরবর্তী বিকল্প হয়ে উঠতে পারে।

‘এস্কেলেশন ট্র্যাপ’ তত্ত্বের প্রণেতা রবার্ট পেপের মতে, স্থল অভিযান শুরু হলেও তা ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে—এমন নিশ্চয়তা নেই। তবুও সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পথ ছাড়া ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর বিকল্প খুবই সীমিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এটাই ‘এস্কেলেশন ট্র্যাপ’। হয় তিনি সংঘাত আরও বাড়ানোর পথে এগোবেন, নয়তো পিছু হটবেন। আর যদি পিছু হটেন, তাহলে ইরান বিশ্বশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং ইতিহাসে তার উত্তরাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে, এসব মন্তব্য রবার্ট পেপের ব্যক্তিগত বিশ্লেষণ; যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।