পাকিস্তানের ফেডারেল সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ৫ রুপি কমিয়েছে। শুক্রবার দেশটির পেট্রোলিয়াম বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার হাই-স্পিড ডিজেল বিক্রি হবে ৪০৯ দশমিক ৫৮ রুপিতে এবং পেট্রোলের দাম হবে ৪০৯ দশমিক ৭৮ রুপি। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর এবারই প্রথম জ্বালানির দামে কিছুটা স্বস্তি এলো। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায় এবং তার প্রভাব পড়ে পাকিস্তানের বাজারেও।
গত সপ্তাহেই সরকার পেট্রোলের দাম লিটারপ্রতি প্রায় ১৫ রুপি এবং ডিজেলের দাম ১৫ রুপি বাড়িয়েছিল। তখন পেট্রোলের দাম দাঁড়ায় ৪১৪ দশমিক ৭৮ রুপি এবং ডিজেলের দাম হয় ৪১৪ দশমিক ৫৮ রুপি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়।
জ্বালানির দাম বাড়তে থাকায় পাকিস্তানে কয়েক দফায় মূল্য সমন্বয় করা হয়। মার্চ মাসের প্রথম সপ্তাহেই সরকার দুই দফা দাম বাড়ায়। এপ্রিল মাসে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি দেখা যায়।
গত মাসে সরকার এক দফায় পেট্রোলের দাম ১৩৭ রুপি বাড়িয়ে রেকর্ড ৪৫৮ দশমিক ৪ রুপিতে উন্নীত করে। পরে প্রধানমন্ত্রী টেলিভিশনে দেওয়া ভাষণে পেট্রোলিয়াম লেভিতে ৮০ রুপি ছাড়ের ঘোষণা দিলে দাম কমে দাঁড়ায় ৩৭৮ রুপিতে।
চলতি মাসের শুরুতেও আন্তর্জাতিক বাজারে তেমন বৃদ্ধি না থাকলেও অতিরিক্ত লেভি আরোপ করে সরকার পেট্রোল ও ডিজেলের দাম আবারও প্রায় ২৭ রুপি বাড়ায়। এরপর আরও কয়েক দফা বৃদ্ধির ফলে জ্বালানির দাম ৪০০ রুপির কাছাকাছি পৌঁছে যায়।
সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস