যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবার আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এ তথ্য জানিয়েছে। গালফ নিউজ, এএফপি, মিডল ইস্ট আই, ওয়াশিংটন, রয়টার্স, এনডিটিভি, আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কাজ করছে। ১৪ দফার এ খসড়া সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো, একটি আলোচনাপ্রক্রিয়ার কাঠামো তৈরি করা, যার চূড়ান্ত উদ্দেশ্য হবে যুদ্ধের অবসান ঘটানো। সূত্রমতে, প্রস্তাবিত এ খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা হ্রাস ও ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বেশ কিছু বড় বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়টি আলোচনার অগ্রগতিকে জটিল বা বিলম্বিত করতে পারে। অবশ্য আলোচনা ইতিবাচকভাবে এগোলে দুই পক্ষের সম্মতিতে প্রাথমিকভাবে প্রস্তাবিত এক মাসের একটি সংলাপের মেয়াদ বাড়ানো হতে পারে।

ইরানের খারগ দ্বীপের কাছে সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও গত শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

জবাব আসতে পারে

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের জবাব ইরান রাতে দিতে পারে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ও বাংলাদেশ সময় শনিবার তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, রাতে জবাব আসবে।

তিনি আরও বলেন, “রাতে একটি চিঠি পাওয়ার ব্যাপারে আশা করছি আমি। আমরা দেখব কীভাবে কি হয়।”

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কি আছে সেটি স্পষ্ট করেননি তিনি।

গতকাল রাতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে ওই দুটি ট্যাংকার অকেজো হয়ে যায় বলে দাবি করে তারা। নৌবাহিনী বলেছে, ইরানি ট্যাংকারগুলো তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় হামলা চালানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল ইরানের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে।

মার্কিনিদের হামলার জবাবে ওই সময় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এরপর পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তেহরান।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্র। ২২ এপ্রিল এটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করেন।