কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের এক ইমাম পশ্চিমবঙ্গের মুসলিমদের উদ্দেশে গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ার পরামর্শও দিয়েছেন বলে জানা গেছে।
তিনি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল ব্যবহার করা যেতে পারে, তাই মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান।
তার মতে, গরুর মাংস পরিহার করা হলে এর অর্থনৈতিক প্রভাব মুসলিমদের চেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে যারা দুগ্ধ ও গবাদিপশু ব্যবসার সঙ্গে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এরমাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজেপি সরকার নির্দেশনায় আরও বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত ১৪ বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে।
তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়।
তিনি বলেন, যদি তারা এসব ব্যবস্থা না করতে পারে তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে গরু জবাই ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
সূত্র: পিটিআই