আরব বিশ্বসহ বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের চাঁদ দেখা কমিটিগুলো আজ রোববার, ১৭ মে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে। এর মাধ্যমে ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের সূচনা নির্ধারিত হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষেই নির্ধারণ করা হবে পবিত্র হজ পালন এবং মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ।
কিন্তু এর আগেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে সন্ধ্যা নামার আগে দিনের আলোতে দেখা মিলল ঈদের চাঁদের।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধীনে থাকা আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার থেকে রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে। এর মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের নতুন বাঁকা চাঁদের প্রথম ছবিটি রাতের আকাশে নয়, বরং সম্পূর্ণ দিনের আলো থাকতে ধারণ করা সম্ভব হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতি অনুকূলে থাকলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে আধুনিক প্রযুক্তিসম্পন্ন মানমন্দির ও পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হবে। অনেক দেশ ঐতিহ্যগতভাবে খালি চোখে চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবও বিবেচনায় নিচ্ছে।
চাঁদ দেখার ঘোষণার পর বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করবে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রটি আরও জানিয়েছে, যখন টেলিস্কোপ দিয়ে এই ছবিটি তোলা হয়, তখন নতুন চাঁদের বয়স ছিল মাত্র নয় ঘণ্টা। আকাশ পরিষ্কার থাকায় সূর্য থেকে প্রায় ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করা চাঁদের এই রূপটি ধরা পড়ে।
এই বিরল ছবি তোলার মূল প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শওকত ওদাহ। এই পুরো প্রক্রিয়ায় তার পর্যবেক্ষণাগার দলের অন্য তিন সদস্য খালফান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ তাকে সম্পূর্ণ টেকনিক্যাল সহায়তা দেন।
দিনের আলোতে চাঁদের ছবি ধারণের ঘটনার মধ্যে রোববার (১৭ মে) সূর্যাস্তের পর আরব আমিরাতের আকাশ গবেষক, অভিজ্ঞ চাঁদ দেখা কমিটি এবং সাধারণ নাগরিকদের জিলহজের চাঁদ দেখার জন্য বিশেষ তাগিদ দিয়েছে ইউএই ফাতওয়া কাউন্সিল।
কাউন্সিল থেকে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা নিজস্ব উপায়ে চাঁদ দেখতে পান, তবে তারা যেন তা দ্রুত সরকারি যোগাযোগ মাধ্যমে রিপোর্ট করেন। মূলত জিলহজ মাস শুরুর দিন এবং কোরবানির ঈদের সঠিক তারিখ চূড়ান্ত করতে এই সরকারি প্রস্তুতি চলছে। তবে আগের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী, আজ রোববার সন্ধ্যায় মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের আকাশেই এই চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এই হিসেবে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে এবং আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ