মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র আক্রমণের পর ইতালিজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার রাতে ট্রাম্প পোপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, কারণ পোপ তার বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করেছিলেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় মেলোনি বলেন, একজন পোপ হিসেবে শান্তি, মানবতা ও যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরা স্বাভাবিক দায়িত্ব—এ জন্য তাকে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়।
আল-জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করায় রোববার রাতে পোপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনায় ইতালিজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের কড়া সমালোচনা করে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, পোপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন। যুদ্ধের নিন্দা জানাবেন—এটাই স্বাভাবিক।
রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।