প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এতে নৌযানটিতে থাকা অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সাউথকম জানায়, গতকাল শুক্রবার (২৯ মে) অবৈধ তৎপরতার খবর পেয়ে তারা একটি সন্দেহভাজন নৌযানকে ধাওয়া করে। মার্কিন বাহিনীর দাবি, নৌযানটি মূলত আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
সাউথকম কমান্ডারের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চালানো হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন বাহিনীর এসব অভিযানের প্রধান লক্ষ্যবস্তু বা টার্গেট হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নৌযানগুলো।
সূত্র: এবিসি নিউজ