ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দেশটির সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার কক্ষে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছত্তিশগড়ের শক্তি জেলার সিংহিতারাই এলাকায় অবস্থিত বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ বয়লার টিউব বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের প্রতি সরকার গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা নিয়োজিত ছিলেন।
এ ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।