পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী, যেখানে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা ল্যাটিন আমেরিকার মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিল।

সোমবার (১৩ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং সেখানেই অভিযান চালানো হয়।

সাউথকমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি স্থির নৌযানকে আকাশ থেকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে এবং মুহূর্তের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়। নৌযানের আশপাশে মাছ ধরার জালের অংশও দেখা গেছে।

এর আগে রোববার একই অঞ্চলে আরও দুটি নৌযানে হামলার ঘটনায় পাঁচজন নিহত হন এবং একজন জীবিত থাকেন। ওই ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে তাকে নিয়ে মার্কিন কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে এ ধরনের একাধিক অভিযানে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করছে। তাদের অভিযোগ, অনেক সময় সাধারণ জেলে বা বেসামরিক মানুষও এসব হামলার শিকার হচ্ছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন দাবি করছে, লাতিন আমেরিকায় মাদক চোরাচালান ঠেকাতেই এসব অভিযান চালানো হচ্ছে। তবে হামলার লক্ষ্যবস্তু নৌযানগুলোর মাদক সংশ্লিষ্টতার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।