ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। একাধিক দফা বৈঠক ও কূটনৈতিক মধ্যস্থতার পরও চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে বলে জানিয়েছে তেহরান।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার পর এখন পর্যন্ত কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি। অন্যদিকে, আলোচনার খসড়া প্রস্তাবেও অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, দুই দেশ শান্তিচুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারাও চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে সর্বশেষ আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি আসেনি। ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে চললেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। বৈঠক শেষে আলোচনার খসড়া প্রস্তাব অনুমোদন না করায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানও নিজেদের দাবি পূরণের আগে কোনো চুক্তিতে রাজি নয়। দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম হস্তান্তরের ইস্যুতে এখনও একমত হতে পারেনি দু পক্ষ।
তাই দ্বিপক্ষীয় দাবিগুলো মেনে নিয়ে অদূর ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়মিত বিরতিতে উত্তেজনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও কাটছে না শঙ্কা।