যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে তা প্রতিপক্ষের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে আসবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। এমন মন্তব্য এসেছে এমন

এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষকে আরও বড় চমকের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরাঘচি আরও দাবি করেন, মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির যে তথ্য উঠে এসেছে, তাতে ইরানি বাহিনীর হাতে প্রথমবারের মতো একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম একটি বহুল প্রচারিত এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে, যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।

ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা পুনরায় শুরু করে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার হুমকিও দিয়েছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।

এছাড়া, গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৬১টি নৌযান আটক করা হলো।