বাংলাদেশি এক যুবকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান তিনি।

পোস্টে রুবিনা জানান, জীবনের নানা সময়ে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত নিজের ভাগ্যের পথচলাকে গ্রহণ করে তিনি সুখ খুঁজে পেয়েছেন। নিকাহ অনুষ্ঠানে বাবা-মায়ের মুখে আনন্দ ও গর্বের হাসি দেখে তার সব দ্বিধা দূর হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে রুবিনা লেখেন, সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসা এবং বাংলাদেশি জীবনসঙ্গীকে পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। নতুন জীবনের এই যাত্রা নিয়ে তিনি উচ্ছ্বসিত বলেও জানান।

রুবিনা মারুফের শিকড় বাংলাদেশে। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই পরিবার গড়ে তোলেন। রুবিনারা তিন বোন ও এক ভাই। তবে ২২ বছর বয়সে তার ভাই মারা যান। ভাইকে হারানোর ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

বর্তমানে রুবিনা করপোরেট খাতে কর্মরত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পরিচিতি রয়েছে। বাংলাদেশি যুবকের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।