‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—স্লোগানে মুখরিত হয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. আবু দাউদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ শোডাউনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনটি মাসিলিয়া বাজার থেকে শুরু হয়ে জয়ন্তীহাজরা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও শান্তির প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এস.এম. আবু দাউদ বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানুষের সেবায় কাজ করবেন। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিক্ষার উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জয়ন্তীহাজরা ইউনিয়নকে এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এস.এম. আবু দাউদ ৯ নম্বর মাসিলিয়া ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য। তিনি বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে।
শোডাউনে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতেu ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আইনুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, ইউনিয়ন তদারক মো. আকমল হোসেন, জয়ন্তীহাজরা ইউনিয়ন আমির হাফেজ আবু সাইদ, সেক্রেটারি মাহমুদুল হাসান মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।