দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা শুধু আর্থিক খাতের বিষয় নয়; এটি জাতীয় অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং সাধারণ মানুষের আস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মতো একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে যে অস্থিরতা, অনিশ্চয়তা এবং আমানত প্রত্যাহারের প্রবণতা দেখা দিয়েছে, তা কেবল একটি প্রতিষ্ঠানের সংকট নয়, বরং গোটা ব্যাংকিং ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল।
প্রায় তিন কোটি গ্রাহক, দেশের অন্যতম বৃহৎ আমানতভিত্তি, বিশাল রেমিট্যান্স নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইসলামী ব্যাংকের অবস্থান দেশের আর্থিক খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রতিষ্ঠানটিকে ঘিরে সৃষ্ট যেকোনো সংকট দ্রুতই বৃহত্তর অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ঘটনাবলিতে গ্রাহকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় বিপুল পরিমাণ আমানত উত্তোলনের চাপ দেখা দেয় এবং ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব ব্যাংকিং খাতের অন্যান্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রশাসক নিয়োগ এবং তারল্য সংকট মোকাবিলায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, নতুন প্রশাসক একটি দক্ষ, পেশাদার এবং নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের কথা বলেছেন। ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ।
তবে শুধু প্রশাসনিক পরিবর্তনই যথেষ্ট নয়। ইসলামী ব্যাংকের বর্তমান সংকটের মূল কারণগুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে। ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব, সুশাসনের ঘাটতি, জবাবদিহিতার দুর্বলতা এবং ঋণ ব্যবস্থাপনার নানা প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এসব সমস্যার কার্যকর সমাধান ছাড়া কেবল নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে না। একটি ব্যাংকের প্রকৃত শক্তি তার মূলধন বা সম্পদে নয়, বরং গ্রাহকের আস্থায় নিহিত। সেই আস্থা অর্জন করতে হলে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। ব্যাংকিং খাতের মতো স্পর্শকাতর আর্থিক প্রতিষ্ঠানের ওপর কোনো ধরনের উগ্রতা, চাপ সৃষ্টির রাজনীতি বা জনতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা কখনোই ইতিবাচক ফল বয়ে আনতে পারে না। ব্যাংক পরিচালনা হবে আইন, নীতি ও পেশাগত মানদণ্ডের ভিত্তিতে। অন্যথায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ আমানতকারী, বিনিয়োগকারী এবং দেশের অর্থনীতি। ইতোমধ্যে আমানত প্রত্যাহারের প্রবণতা কমার খবর এবং কিছু কিছু গ্রাহকের আস্থা ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত আশাব্যঞ্জক।
তবে এ আস্থা টেকসই করতে হলে নতুন বোর্ডকে নিরপেক্ষতা, দক্ষতা ও জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। একই সঙ্গে বড় অঙ্কের খেলাপি ঋণ পুনরুদ্ধার, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।
ইসলামী ব্যাংকের সংকট কাটিয়ে ওঠা শুধু একটি প্রতিষ্ঠানের পুনরুদ্ধারের প্রশ্ন নয়; এটি দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা, সুশাসন এবং জনআস্থা পুনঃপ্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং দ্রুততম সময়ে ইসলামী ব্যাংক স্থিতিশীলতার পথে ফিরে আসবে। দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থেই ইসলামী ব্যাংকের সংকট কেটে যাওয়া এখন সময়ের দাবি।