শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগতভাবে ভালো করেছেন বাংলাদেশের অনেকে। যার প্রতিফলন পড়েছে র্যাংকিংয়ে। এই সংস্করণের ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি করেছেন নিগার সুলতানা, সোবহানা মোস্তারিসহ বেশ কয়েকজন। নারীদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। রাজশাহীতে গত বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানের ইনিংস খেলে নিগার। তৃতীয় ও শেষ ম্যাচে ৪০ রান করেন তিনি।
এই পারফরম্যান্সে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় ম্যাচে ৭৪ রানে ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন সোবহানা, আছেন ৪৫তম স্থানে। রিতু মনির অগ্রগতি আট ধাপ, অবস্থান ৮৩তম। পাঁচ ধাপ নিচে নেমে এখন ২৭ নম্বরে শারমিন আক্তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনও তিনিই সবার ওপরে। আর সব মিলিয়ে সবার উপরে ভারতের স্মৃতি মান্ধানা।
দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান দিয়ে চার উইকেট নেন নাহিদা আক্তার। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে। তৃতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়েছেন মারুফা আক্তার। ৩৭তম স্থানে আছেন এই পেসার। বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন। দ্বিতীয় ওয়ানডেতে এক উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়েছেন এই অফ স্পিনার, আছেন ৪৪ নম্বরে।