অনভিজ্ঞ ও দ্বিতীয় সারির দল নিয়ে ও সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জিতে সিরিজ জয়ের লক্ষ্য এখন তাদের সামনে। তবে জয় পাওয়া যে সহজ হবেনা এটা ভাবনায় আছে কিউই পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথের। গতকাল রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্মিথ বলেই ফেললেন, অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ জয় তাদের জন্য হবে বিশাল এক অর্জন!
স্মিথ বলেছেন, ‘এটা (সিরিজ জয়) বিশাল কিছু হবে। আমরা ভিনদেশের কন্ডিশনে মানিয়ে নিতে চাই এবং স্কোয়াডের গভীরতা বাড়াতে চাই। এখানে সাফল্য পেলে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়বে।’কিউই অলরাউন্ডার মনে করেন, আবারও উইকেট হবে চ্যালেঞ্জিং, ‘উইকেটটা আগের দিনের মতোই মনে হচ্ছে। ভালো ঘাস আছে, তাই আমরা কাছাকাছি ধরনের কন্ডিশনই আশা করছি।’
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের এগিয়ে থাকার পেছনে পরিষ্কার যোগাযোগ বড় ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। ব্যাটসম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য দ্রুত বোলারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ফলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়েছে। স্মিথের ভাষ্য, ‘আমরা দ্রুত তথ্য আদান-প্রদান করেছি এবং সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি। দীর্ঘ সময় স্টাম্পে বল রাখাটাই আমাদের সাফল্য এনে দিয়েছে।’
বাংলাদেশের গরমে আগে ফিল্ডিং করা শারীরিকভাবে কঠিন বলেও উল্লেখ করেন এই কিউই অলরাউন্ডার। তার মতে, আবহাওয়া ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে, ‘এই গরমে আগে বোলিং করা অনেক কঠিন। ছোট ছোট স্পেলে বোলিং করা এবং দলগতভাবে কাজ করাই গুরুত্বপূর্ণ হবে।’
রোদে উইকেটের আচরণ বদলে যেতে পারে বলেও মনে করছেন স্মিথ। তাই টস আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে তার ধারণা, ‘আমার মনে হয় টস খুব গুরুত্বপূর্ণ। আগে ব্যাট করে পরে চাপ তৈরি করাই ভালো কৌশল হতে পারে।’