সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল এক বিবৃতিতে এই সূচির কথা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া দল শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। ওই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। ওইবার মিরপুরে বাংলাদেশ ৪-১ এ সিরিজ জিতেছিল। আর ১৫ বছরে প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অজিরা শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়। অস্ট্রেলিয়ার এবারের সফরটি সম্প্রচারের দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন সম্প্রচার চুক্তির ফলে বাংলাদেশে অনুষ্ঠিত কোনো পুরুষদের দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়াতেও সরাসরি সম্প্রচার করা হবে। ফক্স ক্রিকেট ও কায়ো স্পোর্টস ম্যাচগুলো দেখাবে। এই বছরের শুরুতে ঘরের মাঠের সব সিরিজের যে সূচি ঘোষণা করেছিল বিসিবি, সেটি অনুযায়ী আগামী ২ জুন বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে সেখানে পরিবর্তন আসছে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের কারণে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩০ মে পাকিস্তানে যাবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিপাক্ষিক সিরিজে আগে দুই দফায় খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০১১ সালে দুটি সিরিজে ছয় ম্যাচের সবকটিতে জিতেছে তারা। বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ একবারই খেলেছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে অবশ্য জিতেছিল অস্ট্রেলিয়া। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে ব্রিজবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে একটি ক্যাম্প হবে তাদের। আইপিএলে ও কাউন্টি ক্রিকেটে থাকা ক্রিকেটাররা অবশ্য থাকবেন না সেই ক্যাম্পে।