বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ সুবিধা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটির উদ্যোগে চালু হওয়া এই কার্ডটি দিয়ে সাবেক অধিনায়কেরা আইসিসি, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএলসহ সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। একই সঙ্গে ক্যাপ্টেনস কার্ডধারীরা জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মতো হেলথ ইন্স্যুরেন্স সুবিধাও পাবেন এবং অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিমের সেবাও গ্রহণ করতে পারবেন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩২ জন সাবেক অধিনায়ককে এই কার্ড প্রদান করা হয়। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নেয়া এই উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখলেও, বিষয়টি নিয়ে ভিন্নমতও উঠেছে। জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য এই উদ্যোগের সমালোচনা করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় দলের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা তাপস ক্যাপ্টেনস কার্ডকে ‘এই যুগের বৈষম্য’ হিসেবে উল্লেখ করেন এবং অধিনায়ক ও সাধারণ ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে বলে অভিযোগ তোলেন। গত শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!! ভবিষ্যতে তিনি একটি ভিডিও বার্তায় এই বৈষম্য নিয়ে কথা বলবেন উল্লেখ করে তিনি আরও লিখেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি চৌধুরি আর অন্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১ জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়!! তাপস বৈশ্য সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে বলেন, রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন...রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোড়া অধিনায়ক এসি বক্সে...কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে...। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের!! এমন প্রশ্ন রেখে তিনি আর লিখেন, এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য...। সবশেষে তিনি আর কোনো সাবেক খেলোয়াড়কে বোর্ড সভাপতি হিসেবে দেখতে চান না উল্লেখ করে লিখেন, আমি চাই আর যেন কখনোই কোনও সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়...সব দেখা হয়ে গেছে...।
ক্রিকেট
‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপসের বিস্ফোরক মন্তব্য
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ সুবিধা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি।
Printed Edition