নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুইটি এরই মধ্যে শেষ। তৃতীয় ও শেষ ওয়ানডেকে সামনে রেখে সোমবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউই। সর্বশেষ বিপিএলের পর পিঠের ইনজুরিতে পড়েছিলেন তানজিম সাকিব। সেই কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অনেকটা সেরে উঠলেও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। এবার ফিরলেন তৃতীয় ওয়ানডেতে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা চলছে। প্রথম ওয়ানডেতে হারের পর গতকাল জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৮ রানেই অলআউট হয় কিউইরা। জবাব দিতে নেমে ৬ উইকেট ও ৮৭ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করেন তানজিদ হাসান তামিমরা।
শেষ ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।