ক্রিকেটের ময়দানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পেসার এসএল অক্ষয়। বেঙ্গালুরুতে একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ তিনি বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এসএল অক্ষয় কর্নাটকের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলেছেন। লোকেশ রাহুল, রবীন উথাপ্পা এবং করুণ নায়ারদের মতো তারকাদের সঙ্গে একই দলে রঞ্জি ট্রফি খেলার অভিজ্ঞতা ছিল তার। তবে জাতীয় পর্যায়ের ক্রিকেটে তেমন সাফল্য পাননি তিনি। ৬টি রঞ্জি ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন।
তিনটি লিস্ট এ (৫০ ওভারের ম্যাচ) এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কর্নাটকের হয়ে। অক্ষয় বেশ কয়েক বছর খেলেছেন কর্নাটক প্রিমিয়ার লিগেও। মাঠের সতীর্থ এবং প্রতিপক্ষের কাছে অত্যন্ত মৃদুভাষী ও সদা হাস্যময় মানুষ হিসেবে পরিচিত ছিলেন অক্ষয়। তার এই আকস্মিক প্রয়াণে কর্ণাটকের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।