আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা এই আসরের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সিরিজকে পাখির চোখ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আজ সোমবার রাজশাহীতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটি শুধু মাঠের লড়াই নয়, বরং টাইগ্রেসদের জন্য আত্মবিশ্বাস ঝালাই করে নেওয়ার বড় মঞ্চ।বিসিবি এবার সিরিজের ভেন্যু নির্বাচনে বড় চমক দেখিয়েছে।ঢাকার বাইরে রাজশাহী ও সিলেটে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে ব্যাটিং বান্ধব উইকেটে ক্রিকেটারদের অভ্যস্ত করতেই এই পরিকল্পনা।বোর্ডের এই সিদ্ধান্তে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

রাজশাহী স্টেডিয়ামে এর আগে যুব পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ হলেও, বড়দের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এবারই প্রথম পেতে যাচ্ছে শহরটি। লঙ্কান মেয়েদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে রাজশাহীর। এখানকার উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটারদের পক্ষে কথা বলে, আর জ্যোতিরা ঠিক এমনটাই চেয়েছিলেন। গতকাল রোববার সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘ইংল্যান্ডের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হয়, সেখানে রানের গুরুত্ব অনেক। আমরা এমন উইকেট চেয়েছিলাম যেখানে ব্যাটাররা স্বচ্ছন্দে খেলতে পারে। রান করার অভ্যাসটা গড়ে তোলা আমাদের জন্য এখন সবচেয়ে জরুরি।’

ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে অধিনায়ক আরও বলেন, ‘বাইরের মাঠগুলোতে নিয়মিত খেলার আয়োজন করলে এই খেলার সঙ্গে যুক্ত সবাই উৎসাহিত হবে। ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করাটা ক্রিকেটের প্রসারে খুব জরুরি।’ শ্রীলঙ্কার বিপক্ষে একটি হাই-স্কোরিং ম্যাচ দেখার প্রত্যাশা জানিয়ে জ্যোতি বলেন, ‘রাজশাহীর উইকেট ব্যাটারদের বেশ সহায়তা করে। আমি চাই দুই পক্ষ থেকেই প্রচুর রান আসুক। মাঠে রান হলে দর্শকরাও খেলা দেখতে বেশি আগ্রহী হবে।’