চলতি মাসেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবার আসর। তবে ঈদুল আযহা উপলক্ষ্যে ক্রিকেটাররা এখনও ছুটিতে আছেন। ছুটি কাটিয়ে রোববার নিজ নিজ দলের ক্যাম্পে যোগ দিয়েছে ক্রিকেটাররা।

এবারের আসরে শুরু থেকে কোনো দলের সঙ্গে ছিলেন না নাহিদ রানা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে একটি ম্যাচ তিনি খেলবেন। গেল আসরে আবাহনীর হয়ে খেললেও এবার খেলবেন মোহামেডানের হয়ে। আগামী ২ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাকে।

এদিকে ঈদের ছুটির আগে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের ৭ রাউন্ডের খেলা। পয়েন্ট টেবিল পর্যালোচনা করে দেখা গেছে ৭ ম্যাচ শেষে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার শক্তিধর এই দলটি। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড। সমান সংখ্যাক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০।

তালিকার তিন নম্বরে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট হলেও রান রেট কম থাকায় তিন নম্বরে দলটি। এদিকে তালিকার চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিরও সমান ১০ পয়েন্ট থাকলেও রান কম থাকায় চার নম্বরে।

পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ঢাকা লিওপার্ডস ৮ পয়েন্ট নিয়ে। এছাড়া সমান ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয় ও সাত নম্বরে সিটি ক্লাব এবং বসুন্ধরা স্ট্রাইকার্স। তালিকার আট এবং নয় নম্বরে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং অগ্রণী ব্যাংক। দশ, এগারো এবং বারো নম্বরে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, গুলশান ক্রিকেট ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

ঈদের পর অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে আগামীকাল ২ জুন। এরপর নবম রাউন্ড শুরু হবে ৫ জুন। চলতি আসরে নতুন করে একদিনে মাঠে গড়াচ্ছে ৬টি ম্যাচ। যে কারণে খেলা হচ্ছে ৬ ভেন্যুতে।